
সাহিত্য:
বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
কবিতা নং- ১৭/২১
ভাষা শহীদ আব্দুল জব্বার
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস
ময়মনসিংহ গফরগাঁওয়ে পাঁচুয়া নামক গ্রাম
জন্ম নিলেন সোনার ছেলে আব্দুল জব্বার নাম।
হাসান আলীর সাফাতুন নেছার সন্তান আদরের
পাঁচ ভাই বোন দ্বিতীয় জব্বার বাঙালির গর্বের।
ধোপাঘাটের ঐ কৃষ্টবাজার প্রাইমারীতে পড়া লেখা
তার মাঝেই জব্বার ভায়ের যতটুকু যা হয় শেখা
সংসারেতে নানান দায়েই বেজায় অভাব দেয় দেখা।
পড়ালেখা বন্ধ হলেই বাবার সাথে ক্ষেতের মাঠে
চাষে তাহার মন ভেঙে যায় পালিয়ে শেষে ঢাকায় ওঠে।
নারায়ণগঞ্জে ইংরেজ এক চাকরি দিলো বার্মাতে
বছর কয়েক থাকার পরেই ফিরেন দেশের মায়াতে।
নিজ গ্রামের আমেনা খাতুন জব্বার নেয় বধু করে
নুরুল ইসলাম বাদল এলো আলো করে তাদের ঘরে
জব্বারের ছোট্ট ঘরে অপার খুশির মুক্তা ঝরে।
ভাষার দাবীর উত্তাল দিনে জব্বার ছিল ঢাকাতে
একশ চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল করে রজপথে।
পুলিশের লাঠিচার্জ আর কাঁদুনে গ্যাসের ক্ষিপ্রতায়
মিছিল গিয়ে পৌঁছে তখন ঢাকা মেডিকেল বারান্দায়।
পুলিশ হঠাৎ ছুড়লে গুলি মৃত্যুবরন জব্বারের
আজিমপুরেই সমাহিত এই ভাষাশহীদ একুশের
স্মরণীয় ও বরনীয় সে দেশ জাতিরই গৌরবের।
……….
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ