
সাহিত্য:
বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
কবিতা নং- ১৮/২১
শহীদ অহিউল্লাহ
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস
নয় বছরের নাবালক এক শহীদ হইলো সেদিন
ফেব্রুয়ারির বাইশ তারিখ বিক্ষোভ ছিলো যেদিন।
সেই ছেলেটি অহিউল্লাহ হৃদয়েতে স্বপ্ন বোনা
রাজমিস্ত্রী হাবিবুরের আদরের ধন মানিক সোনা।
নবাবপুরের রোডে সেদিন ছাত্র-জনতার সমাবেশে
খোশমহল রেস্টুরেন্ট সামনে অহি দাঁড়ায় এসে
ধূর্ত পুলিশ চালায় গুলি অহির মাথায় অবশেষে।
ফেব্রুয়ারির তেইশ তারিখ দৈনিক আজাদ পত্রিকায়
অহিউল্লাহ শহীদ হওয়ার খবর প্রকাশ পায়।
লাশটি পুলিশ গুম করে যেই পায়না তাহার নিশানা
ওঁর কবরের খোঁজটি আজও সবার কাছেই অজানা।
আলোক চিত্র যাইনি পাওয়া অহিউল্লাহ শহীদের
তাঁর চেহারার বর্ননা নেয় পরিচিত স্বজনদের
বর্ননাকে ভিত্তি করেই আলোক চিত্রের চেষ্টা ঢের।
উনিশশত চুয়ান্নর সাপ্তাহিক পত্রিকা সৈনিকে
জীবজন্তুর চিত্র আঁকা কাগজ মিললো পকেট থেকে।
অহিউল্লাহ বেঁচে থাকলে হতেই পারতো চিত্রকর
হয়তো হতো আর্ট কলেজের স্বনামধন্য কারিগর।
ফেব্রুয়ারির পহেলা তারিখ দুই হাজার সাত সালেতে
শ্যামল বিশ্বাস অহির ছবি আঁকেন তুলির ছোঁয়াতে
এ প্রতীকী ভাষা-আন্দোলন মিউজিয়ামের চেষ্টাতে।
………..
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ