
সাহিত্য:
বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
কবিতা নং- ১৯/২১
ভাষা শহীদ আব্দুল আউয়াল
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস
মাতৃভাষার মান বাঁচালো যাঁদের বুকের রক্ত ঢেলে
আব্দুল আউয়াল অন্যতম ইতিহাসে সাক্ষ্য মেলে।
ভাষা উত্তাল এমন দিনে জীবন দিলো আমার ভাই
কত জনের লাশের খবর ইতিহাসের পাতায় নাই।
আউয়াল ভাইয়ের পিতা জানি আব্দুল হাশেম নাম
জনম নিলেন ঢাকা জেলার গেন্ডারিয়া ছোট্ট গ্রাম
ভাষা শহীদ আব্দুল আউয়াল ধন্য তারি পিতৃধাম।
পাকিস্তানি পুলিশ ছোড়ে মিছিলে মিছিলে বুলেট গুলি
গুলির তোড়ে যায়রে উড়ে আমার ভায়ের মাথার খুলি।
প্রতিবাদে ফেব্রুয়ারির বাইশ তারিখ বিক্ষোভ হয়
পাকিদের মোটর চাপায় আউয়াল ভায়ের প্রাণ যায়।
রেল হাসপাতাল কর্মচারী এলাকাতে আউয়াল ছিল
সশস্ত্র বাহিনীর মোটর গাড়ি দ্রুত তারে চাপা দিল।
এক নিমিষেই লাশটি তাহার কে বা কারা সরিয়ে নিল।
আব্দুল আউয়াল রিকশাচালক জীবন দিলো তার
বাংলাভাষা আমরা পেলাম সবার শ্রেষ্ঠ উপহার।
জীবন দিয়েই আনলো যাঁরা মায়ের ভাষার অধিকার
তাঁদের স্মরি জনম জনম তারা মোদের অহংকার।
ভাষার জন্য আত্মত্যাগী উঠে আসুক বইয়ের পাতে
ওদের কথা জানুক সবাই ধন্য হউক নবীন তাতে
ভাষা যুদ্ধের হাজার তথ্য গবেষণায় আসুক হাতে।
………..
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ