
কবিতা নং -২/২১
একুশরাঙা গল্প
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস
বাহান্নের ফেব্রুয়ারির একুশ তারিখ সোনার ছেলে
একটি গল্প লিখলো ওরা বুকের তাজা রক্ত ঢেলে।
রাজপথটা কাগজ ওদের রক্তে হলো লেখার কালি
বাঙলা ভাষার মর্যাদা পায় প্রাণ বিলিয়ে বীর বাঙালি।
পাক-ভারতের বিভক্তি যেই ভাষার পরে বজ্রাঘাত
মুখের ভাষা উর্দু হবেই আলী জিহ্নার অগ্নি বাত
একুশের ঐ প্লট পেল রফিক সফিক বীরের জাত।
সূর্য তরুণ অরুণ রেঙেই প্রতিবাদের তুললো ঝড়
ইতিহাসের প্রথম পাতা রচলো নবীন ভুললো ডর।
বিশ্বসেরা দেশপ্রেমের মূর্ত প্রকাশ শহীদ সেনার
যাঁদের বুকের রক্ত ঢেলে বাঙলা ভাষার অধিকার।
চারিদিকে ছড়িয়ে পড়লো বাঙলা ভাষার গল্প কথা
পৃথিবীতে নেই ইতিহাস ভাষায় জীবন এমন ব্যথা
বিশ্বজুড়েই শ্রদ্ধাতে আজ ভাষাভাষী নোয়াই মাথা।
রফিক সফিক সালাম বরকত জব্বারে দিয়ে প্রাণ
আমার মায়ের মুখের ভাষার রাখলো ধরে সম্মান।
ভাই হারানোর এমন বেদন আমরা কভু ভুলবোনা
ভাষার জন্যে রক্তঢালা ভায়ের ঋণের শোধ হবেনা।
ভাষার লড়াই নিলো যত মায়ের বুকের তাজা রতন
যুগে যুগে সাক্ষ্য দিবে ভাই হারানো স্মৃতির বেদন
একুশ রঙা গল্পটাতে উড়বে চির বিজয় কেতন।
………
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ