
সাহিত্য:
বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
কবিতা নং- ৭/২১
একুশ স্বপ্নে বাঙলা
—প্রাণ কৃষ্ণ বিশ্বাস
বাঙলা নিয়েই পথ চলি আজও বাঙলাতে কথা বলি
বাঙলা নিয়ে যে বেড়িয়ে বেড়াই বিশ্বেরই অলি-গলি।
বাঙলায় শুধু কথা যে আমারই বাঙলাতে ভাবি লিখি
এই বাঙলারই পথে ঘাটে মাঠে বাঙলাতে মোরা শিখি।
বাঙলার সাথে বাঁধন আমারই বাঙলাতে মিটে আশা
কথা কাটাকাটি যত গলাবাজি গালাগালি ভালোবাসা
বাঙলারই সাথে মিশে আছে মোর বাঙালি জীবন খাসা।
এই যে ভাষা বাঙলা আমার একুশের চির অবদান
ইউনেস্কো স্বীকৃতিতে আন্তর্জাতিক ভাষার মান।
এমন মধুর বাঙলার কদর বুঝিনা বাঙালি জাতি
ভিন ভাষাতেই কালচার খুঁজি আরও কত মাতামাতি।
ফেব্রুয়ারির একুশ তারিখ বাঙালি বাঙলার গল্প
দামাল ছেলেরা জীবন দিয়েই রচে গেল নয় কল্প
বাঙলাকে ভালোবাসা শোধিবে শহীদের ঋণ স্বল্প।
বাঙলা ভাষার লড়াই দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা
একুশের এমন প্রেক্ষাপটের নাইরে কোন তুলনা।
শহীদ ভাইদের ঋণ কিঞ্চিৎ শোধ হবে যে তখনি
সর্বস্তরে প্রচলিত হলে বাঙলা ভাষার ঝলকানি।
বাঙালি জনম সার্থক আমার বাঙলা ভাষা ভালোবেসে
মায়ের তুল্য সোনার বাঙলায় জীবন দিতে চাই হেসে
বাঙলা ভাষা উঁচু শিরে রবে বিশ্বের বুকে বীর বেশে।
———-
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ