
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় দৃস্কৃতিকারী জনমনে আতংক সৃষ্টি করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিতিকর পরিস্থিতি তৈরী করছে। কুচক্রী মহলের এরূপ কার্যক্রমকে নস্যাৎ করার জন্য র্যাবের আভিযানিক দলের টহল তৎপরতা অব্যাহত রয়েছে।
এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল ০৮ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কুথানীপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি অবিস্ফোরিত ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।
উল্লেখ্য, র্যাবের নিকট গোপন তথ্য আসে যে, চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর কুথানী পাড়া গ্রামে কয়েকজন ব্যক্তি সন্দেহজনক চলাফেরা করছে। র্যাবের আভিযানিক দল তৎক্ষনাৎ উক্ত এলাকায় গমন করলে এলাকার আশেপাশে জনৈক মোঃ বাদল (৪৫), পিতা মৃত বিশারত আলীর বাড়ীর পিছনে একটি সিমেন্টের ব্যাগে সন্দেহজনক ককটেল সাদৃশ বস্তু দেখতে পায়। আভিযানিক দল তৎক্ষনাৎ উক্ত এলাকাটি ঘেরাও করে রাখে এবং নিকটস্থ বেসামরিক ব্যক্তিবর্গকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরবর্তীতে রাজশাহী হতে র্যাবের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট বর্ণিত এলাকায় গমন করে উক্ত ব্যাগের ভিতর থেকে ০৫টি তাজা ককটেল উদ্ধার করে। উক্ত ককটেল গুলো চলমান অবরোধে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল বলে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উপরোক্ত ঘটনায় পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত বোম সাদৃশ ককটেল সমূহ জিডি মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।