
ডেক্স রিপোর্ট
চলতে চলতে হঠাৎই লগ আউট হয়ে গেল আজিজুরের ফেসবুক আইডি। দেখালো ‘সেশন এক্সপায়ার’। দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। বসে ছিলেন চায়ের দোকানে। এরপরই তার পাশের কয়েকজনও একই কথা জানালো। পর মুহূর্তেই জানা গেল, এটা শুধু তাদের সমস্যা না, সবার সমস্যা। শুধু ফেসবুক না, মেটার অন্যান্য অ্যাপস, যেমন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেডস ব্যবহারকারীরাও ভুগছেন একই সমস্যায়।
রাত ৯টা ২২ মিনিটে রাশেদের আইডিতেও ঘটে একই ঘটনা। অন্যান্যরাও জানান একই সময়ে। এরপর একের পর এক কল আসতে থাকে। তারা জানতে চান, কী সমস্যা? প্রতিবেদক রাশেদ রাসু খোঁজ নেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএলে)। তারা জানায়, এটি গ্লোবালি সমস্যা বলে মনে হচ্ছে। বিটিসিএলের সিজিএম (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এমন সমস্যা হয়েছে, এখনও শুনিনি।’ ওয়্যার বিভাগ বিষয়টি ভালো বলতে পারবে বলে জানান।
পরে জানতে চাইলে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আসলে সমস্যা খোঁজার চেষ্টা করছি। এ বিষয়ে কাজ চলছে। তবে, এটি গ্লোবাল সমস্যা বলে মনে হচ্ছে। অধিকতর পর্যালোচনার পর বলা যাবে।
এদিকে, এমন সমস্যায় হঠাৎই দুশ্চিন্তায় পড়ে যান ব্যবহারকারীরা। তাদের ধারণা, হ্যাকড হয়েছে তাদের আইডি। কাজী আল মামুন একটি বেসরকারি অফিসের কর্মকতা। বিভিন্ন তথ্য নিয়ে কাজ করতে হয় তার। তিনি বলেন, ‘৯টা ২০ বা ২২-এর দিকে আমার ফেসবুক লগ আউট হয়ে যায়। আমি ভেবেছিলাম, হ্যাকড। কারণ, কোনো চেষ্টাতেই ঢুকতে পারছিলাম না। এরপর জানতে পারি, এটা গ্লোবাল সমস্যা।’
বিটিসিএল জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা মীর মোহাম্মদ মোরশেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনিও মাত্রই একই সমস্যায় পড়েছেন। তবে, এটি যে বিটিসিএলের কোনো সমস্যা বলে মনে হচ্ছে না। তারপরও জেনে জানাচ্ছি।’
এদিকে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, ওয়েবসাইটের বিভ্রাট ট্র্যাক করে এমন একটি প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর বলছে, বিশ্বব্যাপী পাঁচ লাখের বেশি ফেসবুক বিভ্রাট এবং ৪৭ হাজারের বেশি ইনস্টাগ্রাম বিভ্রাটের তথ্য রেকর্ড করেছে৷
পরে ডাউনডিটেক্টরে গিয়ে রাত ১০টা ২১ মিনিটে একই তথ্য দেখা গেছে, যা সময়ের ব্যবধানে আরও বাড়তে পারে।