
রফিকুল ইসলাম রনজু
(কুড়িগ্রাম)
অবশেষে শেষ সময়ে ট্রাক প্রতীক থেকে নেমে গেলেন বিন ইয়ামিন মোল্লা। কুড়িগ্রাম-১(নাগেশ্বরী-ভূরুঙ্গামারী)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর তিন ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী ডি এম একাডেমী ফুটবল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর জনসভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন বিন ইয়ামিন মোল্লা । দুপুর থেকেই নেতাকর্মী, সমর্থক ও উৎসুক মানুষের উপস্থিতিতে জন সভাস্থল মুখর হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সাবেক আমির আব্দুল মতিন ফারুকী।
মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বক্তারা বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ভোটারদের ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজকদের দাবি, এই জনসভা জনগণের ব্যাপক সাড়া ও আগ্রহের প্রতিফলন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠছে।
উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে রয়েছেন ৬ জন।