
মোঃ মাসুদ রানা খোন্দকার,
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী জেলার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিদেশি রিভলভার, গোলাবারুদ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ ভোর আনুমানিক রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশ্ববর্তী একটি মেহগনি বাগান থেকে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি বিদেশি রিভলভার (মেড ইন পাকিস্তান), তিন রাউন্ড রিভলভারের গুলি, দুটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি ব্যাটারিসহ চার্জার, একটি চাকু, দুটি চাপাতি ও একটি ছুরি।
অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব না হলেও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কুষ্টিয়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে অস্ত্রগুলো দেশে এনে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে ওই মেহগনি বাগানে গোপনে মজুদ করে রাখা হয়েছিল।
পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং অস্ত্রের প্রকৃত মালিক ও চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও জনশান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র কারবারিদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা— অপরাধ করে কেউ রেহাই পাবে না।