
মো:মিজানুর রহমান
ভোলা জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ভোলার রাজপথে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন। শহর সেক্রেটারি হাছলাইন আহমেদ-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক তাহসান সোহেলসহ শহর ও বিভিন্ন থানা থেকে আগত সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
আত্মশুদ্ধি ও নৈতিক সমাজ গঠনের আহ্বান
সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এক মহাসুযোগ। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত এই মাসের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “রমজানের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আত্মসংযম, ইবাদত-বন্দেগি ও মানবসেবায় আত্মনিয়োগের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
স্লোগানে মুখরিত রাজপথ
র্যালি চলাকালীন অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের মাঝে রমজানের আগমনী বার্তা ও সচেতনতা ছড়িয়ে দেয়।
নেতৃবৃন্দ পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতিও উদাত্ত আহ্বান জানান।