
বিজয় কর রতন,
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে সোহানা নাসরিনকে কিশোরগঞ্জে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে বদলী ও পদায়ন করা হয়েছে। জানা যায়, সোহানা নাসরিন এর আগে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। একই সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিকলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেন (৪ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর ২০১৭)। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা খাতে ইতিবাচক ভূমিকা রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি ‘সাংবাদিকবান্ধব’ কর্মকর্তা হিসেবেও পরিচিত ছিলেন। প্রায় নয় বছর পর পুনরায় কিশোরগঞ্জে জেলা প্রশাসক হিসেবে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রশাসনের এই পরিবর্তনের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।