সাহিত্য:
বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
কবিতা নং- ১২/২১
একুশ
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস
পাকিস্তানে ধূর্ত শাসন পূর্ব বাঙলা করতো শোষন
উর্দু হবে সবার কথন আলী জিন্নাহ দিল ভাষন।
বাংলা মা'র ভাষা চেতন একুশ উড়ায় সূর্য কেতন
দামাল ছেলের মরণ বরণ বাংলাটা পেল জীবন
বাঙালিদের দ্রোহের বন্যায় হটে উর্দু দাবীর অন্যায়
রফিক সফিক ভাষার আশায় অকাতরে প্রাণ হারায়,
পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় একুশ ঐ রাঙে জবায়।
অধিকারটি মায়ের ভাষার দিল সেই একুশ আমার
ইউনেস্কো ঘোষণার পর বিশ্বমানটি বাঙলার।
একুশ দিলো সে উপহার যে ভাষায় আজ গর্ব সবার
বাঙলা আজ বিশ্ব সভার শত ঋণে শহীদ সেনার।
আজও দেখি সেই লালসা ভিনভাষায় মিটায় পিপাসা
ধিক বাঙালির ঐ দুরাশা বাঙলাতে আর নয় নিরাশা,
সব চেতনায় বাঁধুক বাসা বাঙলাই জাতির ভরসা।
ভাষার উৎকর্ষ সাধন একুশ তবে বিশ্ব মহান
একুশ মানে সেই জয়গান যে গান দানে কাব্য বিতান।
বাঙলাভাষা জাতির মান জীবনে অস্তিত্ব সমান
বায়ান্নের একুশ মহান মুক্তির প্রথম সোপান।
একুশ মোর ফল্গু ধারায় জীবনের সব চেতনায়
পড়া-লেখা গল্প-কথা স্বপ্ন দেখা হোক বাঙলায়
চেতনাটা পূর্নতা পাক শহীদ ভায়ের শেষ শ্রদ্ধায়।
..........
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ